লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর নির্বাচনী প্রচারণার নিয়ম ভাঙায় নৌকার প্রচারকারী সিএনজি চালিত ১টি অটোরিকশাসহ মাইক জব্দ করা হয়েছে। এসময় প্রচারকারী সেকান্তর আলী বাদশা ও অটোরিকশা চালক দেলোয়ার হোসেনকেও আটক করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৮ টার পরে প্রচারণা চালিয়ে সদর উপজেলার লাহারকান্দি গ্রাম থেকে আসার পথে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অটোরিকশাসহ মাইকটি জব্দ করে।শহর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রাত ৮ টার পরে নির্বাচনী প্রচারণা আচরণ বিধি লঙ্ঘন। নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালিয়ে বিধি লঙ্ঘন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদের নির্দেশনায় প্রচারকারী, অটোরিকশা চালক ও মাইক জব্দ করা হয়। মাইকসহ প্রচারকারী ও অটোরিকশা চালক পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জহিরুল আলম বলেন, নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালানোর কারণে প্রচারকারীসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।








