নৌকার মঞ্চে বক্তব্য দেওয়ার একদিন পরেই গ্রেফতার হয়েছেন বিএনপি নেতা মতিউর রহমান রাজা। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তিনি গ্রেফতার হন। নাশকতার মামলায় পলাতক আসামি ছিলেন বিএনপির এ নেতা।
এর আগে রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মঞ্চে প্রচার সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন বিএনপি নেতা মতিউর রহমান রাজা।সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মতিউর রহমান রাজা।
সোমবার গোপন সংবাদে জানতে পারি তিনি সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এলাকায় অবস্থান করছেন। তিনটার দিকে তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে আওয়ামী লীগের প্রচার সভায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বক্তব্য দিয়েছিলেন মতিউর রহমান রাজা। বক্তব্যে বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেওয়া হবে, নয়ত চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যাহতি নেবেন। এমন অঙ্গীকারও করেন।
মতিউর রহমান রাজা গত ইউপি নির্বাচনে সদরের বদরখালী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি জেলা বিএনপির (হালিম-নজরুল কমিটির) কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ছিলেন মতিউর রহমান রাজা। জেলা বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বরগুনা সদর থানা সূত্রে পাওয়া তথ্য মতে, চলতি বছরের নভেম্বর মাসে সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় রাস্তায় গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় মতিউর রহমান রাজাকেও আসামি করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মোজাম্মেল হক রেজা বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি মতিউর রহমান রাজাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







