বিশ্বকাপে ঘটলো আরও একটি অঘটন। দ্বিতীয়বারের মত শক্তিশালী কোনো দলকে হারালো আফগানিস্তান। প্রথমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছিলো হাশমতউল্লাহ শহিদিরা। এবার চেন্নাইয়ে আরেক শক্তিশালী দেশ পাকিস্তানকে হারিয়ে চমক তৈরি করেছে আফগানরা।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের অন্যতম ফেবারিট পাকিস্তানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। বাবর আজমদের ছুঁড়ে দেয়া ২৮২ রানের চ্যালেঞ্জ মাত্র ২ উইকেট হারিয়ে ৪৯ ওভারেই পার করে ফেলে আফগানরা।
সে সঙ্গে পাকিস্তানকে হারিয়ে ইতিহাসও গড়লো আফগানিস্তান ক্রিকেটাররা। কারণ ওয়ানডেতে এর আগে কখনো পাকিস্তানকে হারাতে পারেনি তারা। এবার খোদ বিশ্বকাপে এসেই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিলো তারা।
সোমবার (২৩ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তুলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে বাবরের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে ৪৯ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার নূর আহমেদ।
জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। যেখানে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান।








