বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে।”
বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে তিনি কথাগুলো বলেন।
নজরুল ইসলাম খান বলেন, সব দল পিআর পদ্ধতি মেনে নিলেও সংবিধান সংশোধন ছাড়া এ ধরনের নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদই কেবল এটি বাস্তবায়ন করতে পারে।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্রে। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধারণ করে বেগম খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন বিএনপিকে।
তিনি আরও বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সামনে বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে, বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।







