মো: জিয়াউল ফকির,
পিরোজপুর প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান সুবিধা প্রদান করা হয়। কর্মসূচিতে অসংখ্য মানুষ সেবা গ্রহণ করতে উপস্থিত হন।
জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জানান, কেন্দ্র ঘোষিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত হচ্ছে। তিনি যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন দেশের মানুষের সেবার লক্ষ্যে, এবং যুবদল আজ একটি সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে। যুবদল স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপির সহায়ক শক্তি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের দিকনির্দেশনায় যুবদল আজ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আজকের এই কর্মসূচি মানুষের কষ্ট লাঘবে বিশেষ অবদান রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।