শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পুলিশে কর্মরত পুরুষ ও নারীদের শক্তি-সাহস-অনুপ্রেরণা যোগান দেন তাদের স্ত্রী ও স্বামীরা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’ উপলক্ষে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহস দেন না, সংগঠনটির (পুনাকের) মাধ্যমে তারা নানাবিধ কাজ করেন। সমাজের নানা ধরনের কাজে অংশ নেয়। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশ সদস্যরা দেশের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করছে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেরণা হিসেবে কাজ করেন তাদের সহধর্মিণীরা। এর পাশাপাশি অনেক নারী সদস্য আছেন যাদের স্বামীরা পুলিশে নেই। কিন্তু এই নারী পুলিশ কর্মকর্তাদেরও এগিয়ে যাওয়া বা সাহস যোগান দেন তাদের স্বামীরা।
ডা. দীপু মনি বলেন, সব প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। মানুষের অনুপ্রেরণার সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার ঘর। সেখানে শান্তি, অনুপ্রেরণা থাকলে মানুষ বাইরে তার কাজের জায়গায় সাফল্য লাভ করে। কাজেই ওই সাফল্যের স্ত্রীরা বড় অংশীদার।
তিনি আরও বলেন, কোনো একটি সমাজ, রাষ্ট্রকে এগিয়ে যেতে হলে সেখানে নারী পুরুষের সমান অংশীদার লাগে। সমান অংশগ্রহণ লাগে। অর্ধেক মানুষকে পেছনে ফেলে একটা সমাজ কখনো তার যে সম্ভাবনা আছে সেটাকে বাস্তবায়ন করতে পারে না।
দীপু মনি বলেন, অনেক নারীকে ‘কি করেন’ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কিছুই করি না। তার মানে তিনি সবচেয়ে বড়, জরুরি ও সবচেয়ে কঠিন কাজ সারা দিন করেন। সেটা হচ্ছে ঘর, সংসার সামলানো। আজ নারীদের জয় সর্বত্র। নারীরা আজ সব জায়গায় কাজ করছেন। নারীরা এগিয়ে গেছে।








