বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। তিনি বলেন, এমন প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার (৪ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত। তারা আগের মতো সাজানো বা ডামি নির্বাচন চায় না। কিন্তু এখন প্রশাসনকে দলীয় আনুগত্যে ভরিয়ে তোলা হচ্ছে। এতে নিরপেক্ষ ভোট সম্ভব নয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘নতুন ইস্যু তৈরি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভ্রান্ত কথা বলে ও মিথ্যা পরিসংখ্যান দেখিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। গত ১৫ বছর কে আপসহীনভাবে লড়াই করেছে তা জনগণ ভালো করেই জানে।’
এ সময় রিজভী ভারতের একটি পূজা মণ্ডপে ড. মুহাম্মদ ইউনূসের বিকৃত প্রতিকৃতি প্রদর্শনের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘ড. ইউনূসের মতো বিশ্বমানের ব্যক্তিত্বকে নিয়ে এমন আচরণ শুধু অনৈতিক নয়, এটি বাংলাদেশের মানুষের অনুভূতিতেও আঘাত হেনেছে।’







