মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ও গাঁজা ফেলে পালিয়ে গেছে মাদক কারবারিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বারইয়ারহাট পৌরসভার রূপনগর পেট্রোল পাম্পের সামনে থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-খ-১২-৫৫০১ নম্বরের একটি প্রাইভেটকার ফেনী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক দ্রæতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করলে মাদক কারবারিরা রূপনগর পেট্রোল পাম্পের সামনে প্রাইভেটকারটি রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাড়ি ও গাঁজা ফেলে পালিয়ে গেলেও তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকার জব্দ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।









