মোহাম্মদ সোহেল:: ‘ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ নীতিমালার আলোকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পর্যায়ে শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্যমতে জানা যায়, গত ১৭ জুন এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন রুনা লায়লা।
উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল পারভেজ। মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন মাটিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমাউল হুসনা। উপজেলা পর্যায়ে সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন রাউৎবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তছলিমুল হোসেন এবং মহিলা সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন বেতুয়া পলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা সুলতানা। এ ছাড়াও স্কাউট ক্লাব (পুরুষ শিক্ষক) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্থান পেয়েছেন ধুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। মহিলা স্কাউট ক্লাব শিক্ষিকা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুননাহার। উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. আকতার বানুর স্বাক্ষরিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, টাঙ্গাইল বরাবর অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকপত্র দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. আকতার বানু তাঁর বক্তব্যে বলেন, “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে এ বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যাঁরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের আন্তরিক অভিনন্দন। আশা করছি, এ স্বীকৃতি অন্যান্য শিক্ষক ও বিদ্যালয়গুলোকেও আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূঞাপুর উপজেলার সব শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”







