ফরিদপুরে কর্মসংস্থান সৃষ্টি ও সন্ত্রাসমুক্ত করতে ভোট চাইলেন এ কে আজাদ
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেছেন, কর্মসংস্থান তৈরি ও সন্ত্রাসীমুক্ত জনপদ গঠনের লক্ষ্যে ৭ জানুয়ারির নির্বাচনে সকলে মিলে ঈগল প্রতীকে ভোট দিবেন। নির্বাচিত হতে পারলে আমি এলাকার জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নেও কাজ করবো।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক নির্বাচনী সভায় বক্তব্যকালে এ কে আজাদ একথা বলেন।
আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক ডাব্লুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক ভোলা মাস্টার, সাবেক পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, বাংলাদেশ এয়ার ফোর্সের সাবেক গ্রুপ ক্যাপ্টেন ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভি, আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ সাদী প্রমুখ।
বক্তাগণ বলেন, আমরা নৌকার বিপক্ষে নই। তবে এবার আমরা নৌকাকে ঘাটে ভিড়িয়ে রাখবো। কারণ, এখানে যিনি নৌকার প্রার্থী তিনি নির্বাচিত হওয়ার আগেই সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছেন। আমরা এই সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি চাই।
সভায় বক্তব্যকালে এ কে আজাদ আরো বলেন, আলিয়াবাদ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে এমন একজন ব্যক্তিকে যিনি মানুষের মাথা কেটে ফুটবল খেলেছেন। এসময় তিনি এই সন্ত্রাসীকে গ্রেফতার করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান। একইসাথে পত্রপত্রিকায় প্রকাশিত অন্যান্য সন্ত্রাসীদেরও গ্রেফতারের জোর দাবি জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন। কিন্তু যেভাবে নির্বাচনের আগে সন্ত্রাস করা হচ্ছে তাতে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতেই ভয় পাচ্ছে। আমাদের কর্মীদের কুপিয়ে জখম করা হয়েছে। নির্বাচনের ক্যাম্প ভেঙ্গে দিচ্ছে। ফরিদপুরের জনগণ ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দিবে। অন্যথায় এই সন্ত্রাসীদের কবলে সাধারণ জনগণকে জিম্মি হয়ে থাকতে হবে।







