ক্যালেন্ডারের পাতা থেকে অতীত হয়েছে ২০২৩ সাল। ক্রীড়াঙ্গনে বছরটি ছিল বেশ ঘটনাবহুল। সদ্য ‘গত’ হওয়া বছরটিতে ক্রিকেট-ফুটবলের বাইরে লাল-সবুজের জার্সিতে ছোটদের হকিতে এশিয়া জয়, হ্যান্ডবলে সাফল্য এবং মালয়েশিয়াতে ইতিহাস গড়েন অভিক। সব মিলিয়ে গোটা বছর জুড়েই ব্যস্ততা ছিলো ক্রীড়াঙ্গনে।
নতুন বছরের শুরুতে ২০২৩ সালের আলোচিত কিছু ঘটনা নিয়ে ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য আজকের এই প্রতিবেদন সাজানো হয়েছে–
ছোটদের হকিতে এশিয়া সের
২০২৩ সালের একেবারে শুরুতে এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের মাটিতে স্বাগতিকদের ফাইনালে পেলান্টি শুট আউটে (৭-৬ গোলে) হারিয়ে সেরাদের সেরা হয় লাল-সবুজ প্রতিনিধিরা। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে
চন্ডিকা হাথুরুসিংহের প্রত্যাবর্তন
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত চরিত্র চন্ডিকা হাথুরুসিংহে। প্রথম দফায় নজরকাড়া সব সাফল্যের পাশাপাশি বিতর্ক সঙ্গী করেই টাইগারদের দায়িত্ব ছাড়েন শ্রীলংকান কোচ। দ্বিতীয় দফায় ফের বাংলাদেশ ক্রিকেটে আসবেন তিনি, সেটি ছিল অনেকটাই অপ্রত্যাশিত। তবে গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় তাকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ বছর পর এশিয়া কাপে ভারত বধ
২০১২ সালে মিরপুরে মুশফিক-সাকিবদের নৈপুণ্যে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। মাঝে প্রায় এক যুগ পেরিয়ে গেলেও ভারতকে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে হারাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
সবশেষ ২০২৩ সালে সাকিব-মুস্তাফিজদের হাত ধরে সেই আক্ষেপ মিটেছে অবশেষে। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারিয়ে নাটকীয় জয় তুলে নেয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। যদিও ফাইনালে যেতে পারেনি শান্ত-মিরাজরা।
হ্যান্ডবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট
বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (যুব ও জুনিয়র) টুর্নামেন্ট দুটির মধ্যে জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ক্ষণে ক্ষণে রং বদলানো উত্তেজনাপূর্ণ ম্যাচে কয়েক দফায় পিছিয়ে পড়েও ভারতকে ৪৬-৪৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর যুব টুর্নামেন্টে ভারত সেরা হয়।
মালয়েশিয়ায় ইতিহাস অভিকের
মালয়েশিয়ায় কার রেসিংয়ে প্রথম স্থান অর্জন করে সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন অভিক আনোয়ার। শুরুতে রাউন্ড-১-এর রেস-১-এ দ্বিতীয় স্থানের পর রেস-২-এ প্রথম স্থান অর্জন করেছেন তিনি।








