চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকগুলোর করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ব্যয়ে বড় ধরনের পতন হয়েছে। এ সময়ে ব্যাংকগুলো সিএসআর খাতে ১১৯ কোটি ৪ লাখ টাকা ব্যয় করেছে, যা গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যয় করা ১৯৭ কোটি ৮৫ লাখ টাকার তুলনায় ৭৮ কোটি ৮১ লাখ টাকা বা প্রায় ৪০ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সিএসআর ব্যয়ের প্রধান তিন খাত—শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ ও জলবায়ু-সবগুলোতেই ব্যয় কমেছে।
শিক্ষা খাতে চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকগুলোর ব্যয় হয়েছে ২৪ কোটি ১৩ লাখ টাকা। গত বছরের দ্বিতীয়ার্ধে এ খাতে ব্যয়ের পরিমাণ ছিল ৪৪ কোটি ২৪ লাখ টাকা। ফলে শিক্ষা খাতে ব্যয় কমেছে ২০ কোটি ১১ লাখ টাকা বা ৪৫ দশমিক ৭৪ শতাংশ।
স্বাস্থ্য খাতে ব্যয় ৫৭ কোটি ৫২ লাখ টাকা থেকে কমে ৩৪ কোটি ৬৬ লাখ টাকায় নেমেছে। অর্থাৎ, এ খাতে ব্যয় কমেছে ২২ কোটি ৮৬ লাখ টাকা বা ৩৯ দশমিক ৭৪ শতাংশ।
পরিবেশ ও জলবায়ু খাতে ব্যয়ের পতন হয়েছে সবচেয়ে বেশি। এ খাতে ব্যয় ২৯ কোটি ২৯ লাখ টাকা থেকে কমে ১১ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা ১৭ কোটি ৫৭ লাখ টাকা বা প্রায় ৬০ শতাংশ কম।
অন্যদিকে, অন্যান্য খাতে সিএসআর ব্যয় ৪৬ কোটি ৮০ লাখ টাকা থেকে বেড়ে ৪৮ কোটি ৫৩ লাখ টাকা হয়েছে। এসব খাতের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় ৩৪ কোটি ৩৪ লাখ, অবকাঠামো উন্নয়নে ২ কোটি ২ লাখ এবং ক্রীড়া ও সংস্কৃতিতে ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সিএসআর ব্যয়ের ৩০ শতাংশ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে এবং ২০ শতাংশ পরিবেশ ও জলবায়ু খাতে ব্যয়ের কথা রয়েছে। তবে কোনো ব্যাংক নিট লোকসানে থাকলে সিএসআর খাতে ব্যয় করতে পারে না।








