অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
বড় বোনের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে গিয়ে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আকিব হাসান (১৫)। সাথে নেয় মামাতো ও ফুপাতো ভাই সাগির আলম (৮) ও জাওয়ার হোসেন লাদেন (২০)কে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় তিনজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আকিব হাসানের মৃত্যু হয়। এর আগে নাটোরের বড়াইগ্রাম পৌরশহরের কালীবাড়ি এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিব হাসান বড়াইগ্রাম পৌরসভার বাটরা গোপালপুর এলাকার আব্দুল খালেকের ছেলে ও পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, উপজেলার ধামানিয়াপাড়ায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সৌখিনতা বশে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় এবং এই দুর্ঘটনার শিকার হয়। তাদেরকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আহত দুই জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য
মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরের সময় বিমানবন্দর থেকে মাদ্রাসা...








