দায়িত্ব গ্রহণের দুইমাসেরও কম সময়ে দ্বিতীয় দফায় মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নতুন সদস্য হিসেবে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় শপথ নেবেন আরও ৭ জন। নতুনদের নিয়ে মন্ত্রিসভার আকার হবে ৪৪ সদস্যের।
এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদের জন্য ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীসহ মোট ৩৭ জন সদস্য নিয়ে সরকারের যাত্রা শুরু করেছিলেন।
জানা গেছে, বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। খুবই ছোট পরিসরে হবে নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। আগামী রোববার (৩ মার্চ) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকায় অনুষ্ঠানটি ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগও প্রস্তুতি নিয়ে রেখেছে।
জানা গেছে, মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে যারা আজ সন্ধ্যায় শপথ নেবেন তারা হলেন— ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের ডা. রোকেয়া সুলতানা, টাঙ্গাইলের শামসুন নাহার চাপা, রাজশাহীর (পুঠিয়া-দুর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা, চট্টগ্রামের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরী, নওগাঁর (পত্নীতলা-ধামইরহাট) শহিদুজ্জামান সরকার, চট্টগ্রামের সংরক্ষিত আসনের ওয়াসিকা আয়শা খান।
তবে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।শপথ নেওয়ার পর দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।








