আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে গবাদীপশুর জরুরী চিকিৎসা সেবা কেন্দ্র চালু করে চিকিৎসা দেওয়ায় ব্যাপক আলোচিত হয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক। দেশের মধ্যে এই প্রথম নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে গবাদীপশুর সার্বক্ষণিক বিনামূল্যে জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে চালু করা হয়েছে ২৪ঘন্টার জরুরী চিকিৎসা সেবা প্রদান কেন্দ্র। এই কেন্দ্র থেকে সপ্তাহের সাতদিনই যে কোন সময় যে কেউ এসে গবাদী পশুর যেকোন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন। নিজ উদ্যোগে এই কেন্দ্র চালুর পর থেকে প্রশংসায় ভাসছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হক। তাঁর এই ব্যক্তিগত অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ পেলেন এই কর্মকর্তা। গত ৩১ আগষ্ট ওছমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির ক্যাটাগরীতে ডাঃ নাজমুল হক এর হাতে পদক তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রশাসনের সর্বোচ্চ রাষ্টীয় পদক পাওয়ায় ডাঃ নাজুল হককে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।








