হাম ও হামের উপসর্গ নিয়ে চার শতাধিক শিশুমৃত্যুর ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চের মুখ্য সম্পাদক মাসুদ রানা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন।
সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে মাসুদ রানা বলেন, প্রতিরোধযোগ্য রোগ হাম ও হামের উপসর্গ নিয়ে চার শতাধিক শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক; এবং একইসঙ্গে অস্বাভাবিক।
তিনি বলেন, হামে আক্রান্তের সংখ্যা এবং এর ফলে শিশুমৃত্যুর সংখ্যা যেহেতু বেড়েই চলেছে, তাই সরকারের উচিত খুব দ্রুত সারাদেশে ‘হেলথ-ইমার্জেন্সি’ ঘোষণা করা।
তিনি আরও বলেন, অবিলম্বে সরকারের উচিত বিভাগীয় শহরের অব্যবহৃত শিশু হাসপাতালগুলো চালুসহ সারাদেশে অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, গ্রাম-শহরে জরুরী-ভিত্তিতে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা, এবং জনমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
সেই সাথে তিনি শিশুমৃত্যুর ঘটনার তদন্তের দাবি করে এই ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, স্বাস্থ্য কর্মকর্তাসহ যে বা যারাই দায়ী তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।








