গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা হাট পরিচালনা কমিটি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বল্লা হাট পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ রাজু, কমিটির পরিচালক নয়ন মিয়াসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় তাঁরা শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
বল্লা হাট পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ রাজু বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য আমরা পূজামণ্ডপ পরিদর্শন করছি।”
কমিটির পরিচালক নয়ন মিয়া বলেন, “প্রতিবছরের মতো এবারও পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, বল্লা হাট এলাকার ১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের বিভিন্ন বিষয় ও প্রস্তুতির কথা তুলে ধরেন।









