২০২২-২৩ আইসিসি সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৬ রানের বিশাল এই জয়ের পরও অবশ্য প্রোটিয়াদের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত নয়।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জয়ে বিপদে ওয়েস্ট ইন্ডিজ। ৮৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা ক্যারিবিয়ানদের এখন আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে বাছাইপর্ব খেলতে হবে।
আরও আগেই বাছাইপর্বে খেলা নিশ্চিত হয়েছে নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, নেপাল, ওমান এবং স্কটল্যান্ডের। আয়ারল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা তাদের সঙ্গে যোগ দেবে।
নেদারল্যান্ডের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ ৯৮ পয়েন্ট। কিন্তু সরাসরি বিশ্বকাপে খেলতে হলে এই অবস্থান ধরে রাখতে হবে তাদের। সেক্ষেত্রে আগামী ৯ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে তাদের ভাগ্য নির্ধারিত হবে।
ঘরের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে আয়ারল্যান্ডের সামনে। কারণ তখন তাদেরও পয়েন্ট হবে ৯৮। এরপর আসবে নেট রানরেটের হিসাব। আর যদি বাংলাদেশ একটি ম্যাচও জিতে যায়, তাহলে ভাগ্য খুলে যাবে দক্ষিণ আফ্রিকার।
সুপার লিগের এই মৌসুমে ১৩ দল অংশ নিয়েছে, যেখান থেকে ৮টি দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। আয়োজক হওয়ায় ভারত খেলবে সরাসরি। বাকি ১২ দলের মধ্যে ৭টি দল পাবে সরাসরি খেলার সুযোগ।








