নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিলো বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৮ ওভার ৫ বল খেলে ২৫৫ রান করে সফরকারী শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে শান্তর সেঞ্চুরিতে ভর করে ৪৪ ওভার ৪ বল খেলে ৬ উইকেটের বিশাল জয় তুলে নেয় টাইগার বাহিনী।অপরাজিত থেকে ১২৯ বল খেলে ১২২ রান করেন শান্ত। এছাড়া মুশফিকুর রহিম করেন ৭৩ রান।
বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।
দলের বিপর্যয়ের মুহূর্তে উইকেটে এসে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রাখেন বাংলাদেশ অধিনায়ক। মিডল অর্ডারে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটি। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পথে সেঞ্চুরির দেখাও পেয়েছেন শান্ত। ৫২ বলে ফিফটি করেছিলেন। পরের ৫০ রান করেছেন ৫৬ বলে। সবমিলিয়ে ১০৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেছেন বাংলাদেশ অধিনায়ক।
দেশের মাটিতে এটি শান্তর প্রথম সেঞ্চুরি।
সিলেটের মাটিতে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি হারলেও ৫০ ওভারের খেলায় চট্টগ্রামে ঘুরে দাঁড়ালো টাইগার বাহিনী।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।








