কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী আইসিটি অফিসার খান মোয়াজ্জাম হোসেন রাসেলের বিরুদ্ধে সেবা প্রদানে হয়রানি ও সরকারি বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় ইউপি সদস্য ও সাধারণ বাসিন্দারা অভিযোগ করে বলেন, তার দায়িত্ব পালনকালে গর্ভবতী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, রেশন কার্ড, টিসিবি কার্ড, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। টাকা লেনদেন ছাড়া সেবা মিলছে না বলেও ভুক্তভোগী দাবি করেন।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, ২০২৪, ২০২৫ ও ২০২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত একটি অংশের দেড় লক্ষ টাকার বিপরীতে নামমাত্র কাজ হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কচুয়া উপজেলার উন্নয়ন তহবিলের ৩ লক্ষ ৮১ হাজার টাকা ব্যয়েও অনিয়ম হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রশাসকের বক্তব্য জানতে চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কচুয়া ও জেলা প্রশাসক, বাগেরহাটের হস্তক্ষেপ কামনা করেছেন।









