চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এই বিয়ে বন্ধ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লীনা। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের এই ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লীনা জানান, জোরারগঞ্জ ইউনিয়নে একটি বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে—এমন তথ্য পান উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। পরে বিষয়টি যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। নির্দেশনা পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বর ও কনে পক্ষের সঙ্গে কথা বলেন। ওই কিশোরীর প্রকৃত বয়স ১৬ বছর ৫ মাস। তবে বয়স বাড়িয়ে আগে আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছিল এবং রোববার সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিয়ের কার্যক্রম বন্ধ করা হয়। পাশাপাশি বর ও কনে পক্ষকে সচেতন করা হয় বাল্যবিয়ের আইনি ও সামাজিক ক্ষতিকর দিক সম্পর্কে। পরে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, কিশোরীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা আলাদা থাকবে এবং কোনোভাবেই দাম্পত্য জীবন শুরু করতে পারবে না।







