মহান বিজয় দিবসকে ঘিরে সারাদেশের মতো বগুড়ার সোনাতলা উপজেলার ফুল ব্যবসায়ীরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার বিকেলে উপজেলার ফুলের দোকানগুলোতে গিয়ে ক্রেতাদের ভিড় ও দোকানিদের ব্যস্ততা চোখে পড়ে।
এ সময় অনেক ক্রেতা এসে রেডিমেড ফুলের তোড়া, পুষ্পস্তবক কেনার পাশাপাশি নতুন করে অর্ডারও দিচ্ছেন। এতো পুষ্পস্তবক বানানোর অর্ডারে হিমশিম খাচ্ছেন অনেক বিক্রেতা।
প্রতি বছর একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, শোক দিবস, বিজয় দিবসসহ নানা দিবসে ফুল ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করেন। তবে বিজয় দিবসে পুষ্পস্তবকের চাহিদা বেড়ে যায় বলে জানান ফুল ব্যবসায়ীরা।
উপজেলার ফুল ব্যবসায়ী নূরে আলম বলেন, এ বছর ফুলের চাহিদা একটু বেশি। বিজয় দিবসকে ঘিরে সপ্তাহখানেক ধরে আমাদের ব্যস্ততা চলছে।
আরেক ফুল ব্যবসায়ী মাসুম হাসান বলেন, বিজয় দিবসের এক সপ্তাহ আগে থেকে আমরা ব্যস্ত সময় পার করি। তবে বিজয় দিবসের চেয়ে বেশি ফুলের চাহিদা থাকে ২১ এ ফেব্রুয়ারিতে। এ বছর ফুলের দাম একটু বেশি। আমরা নিজেরাই বেশি টাকায় পাইকারি ফুল কিনেছি।
দেলোয়ার হোসেন নামের এক ফুল ক্রেতা বলেন, ফুলের দাম এবার খুব বেশি। মাঝারি সাইজের এই তোড়া আগেরবার ৫০০ টাকায় কিনেছি। এবার ১ হাজার টাকায় কিনতে হচ্ছে।
রাজনৈতিক দল, ব্যক্তিবর্গ ছাড়াও নানা শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সংস্কৃতি সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অর্ডারে এসব পুষ্পস্তবক তৈরি করা হচ্ছে। এ বছর ছোট পুষ্পস্তবক ৭০০ টাকা, মাঝারি ১ হাজার টাকা ও বড় সাইজের পুষ্পস্তবক ২ হাজার টাকা করে বিক্রি হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড বলেন, বছরের বিশেষ দিবসগুলোতে ফুলের চাহিদা বেড়ে যায়। ফলে দামও কিছুটা বৃদ্ধি পায়। তবে দাম বিষয় নয়। দেশের জন্য প্রাণ দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোই আসল বিষয়।







