মহান বিজয় দিবসে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকারপ্রধান।
শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুকন্যা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে আরেক দফা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সকাল সাড়ে ৬টার পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কিছু আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায় শহীদদের। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।








