ক্যাম্পাস প্রতিবেদক
আজ শনিবার (১৬ মে, ২০২৬) “ডিবেট ফর ডেমোক্রেসি” আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে অংশগ্রহণ করে গৌরবময় জয় অর্জন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ডিবেটিং সোসাইটি (নিটারডিএস)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল “বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ”। নিটারের বিপক্ষে প্রতিযোগিতায় অংশ নেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এই বিতর্কে নিটারডিএস দলটি দৃঢ় যুক্তি ও প্রাঞ্জল উপস্থাপনায় প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ী হয়। এই জয় নিটারডিএস-এর সদস্য ও শিক্ষকমণ্ডলীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।
নিটারডিএস-এর পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন পাঁচজন দক্ষ বিতার্কিক — ১৫তম ব্যাচের সাদমান সাকিব সাদ, ১৩তম ব্যাচের আইনুন আখি, হিমেল বিশ্বাস ও রিদোয়ান ইসলাম পর্ব এবং ১২তম ব্যাচের আফিয়া সাইয়ারা আখি। দলের প্রতিটি সদস্য অত্যন্ত আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে নিজ নিজ অবস্থান তুলে ধরেন, যা বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন নিটারের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, নিটারডিএস-এর মডারেটর রায়হান আহমেদ জয় ও মোঃ: আল-আমিন এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন ইকবাল। এছাড়া নিটারডিএস-এর ৪০ জন সদস্য সরাসরি উপস্থিত থেকে দলকে সমর্থন জানান।
দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে মূল্যস্ফীতি একটি অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় বাজেট ২০২৬-২০২৭ ঘোষণার ঠিক আগমুহূর্তে এমন একটি আয়োজন তাই বিশেষ তাৎপর্য বহন করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করার এবং যুক্তিভিত্তিক মতামত উপস্থাপনের সুযোগ পাচ্ছেন, যা তাদের দেশের একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।
একটি বিশেষায়িত প্রকৌশল প্রতিষ্ঠান হিসেবে নিটারের শিক্ষার্থীদের এই বিজয় প্রমাণ করে যে, কেবল কারিগরি জ্ঞানেই নয়, বুদ্ধিবৃত্তিক চর্চা ও জাতীয় ভাবনায়ও তারা সমানভাবে এগিয়ে।







