মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সবসময় মেলে না বলে মন্তব্য করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ছুটির দিন, সরকারি অবকাশ কিংবা উৎসবের সময় অনেক বিদেশি শ্রমিক একসঙ্গে বাইরে বের হলে কিছু মানুষের মনে হয় যেন পুরো এলাকা বিদেশিদের দখলে চলে গেছে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।
তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় ৩০ লাখেরও বেশি বিদেশি বৈধ কর্মঅনুমতি ও বৈধ কাগজপত্র নিয়ে কাজ করছেন। তারা নির্মাণ, উৎপাদন, বাগান, সেবা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে শ্রম দিয়ে দেশটির অর্থনীতিতে বড় অবদান রেখে চলেছেন।
ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, বিদেশিদের উপস্থিতি নিয়ে অযথা আতঙ্ক বা ভুল ধারণা না ছড়িয়ে বাস্তব পরিস্থিতি বোঝা প্রয়োজন। কারণ মালয়েশিয়ার বিভিন্ন শিল্পখাত এখনো বিদেশি শ্রমিকদের ওপর অনেকাংশে নির্ভরশীল।
তিনি আরও জানান, বৈধভাবে কর্মরত বিদেশিদের বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি না করে তাদের অবদানকে মূল্যায়ন করা উচিত। কারণ দেশটির উন্নয়ন ও অর্থনীতিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বিদেশী শ্রমিকদের কারণে মালয়েশিয়া আজ এত উন্নত সেটা সাধারণ জনগন বুঝবেনা।







