বিরল সীমান্তে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
মোঃ সাদেকুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন রামচন্দ্রপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালান্দর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ (কসমস ফিফটি) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









