বিসিএস পরীক্ষা না দিয়েও বিসিএস ক্যাডার হয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেকের কন্যা নাবিলা তাবাসসুম মিকি।
জানা যায়, ড. আবদুল মালেক শেখ হাসিনার বিশেষ সহকারী থাকাকালীন সময়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ২০০ নাম্বারের লিখিত (বাংলা, ইংরাজী, সাধারণ জ্ঞান এবং গণিত) পরীক্ষায় অংশ নিয়ে ১০০ নাম্বারের মৌখিক পরীক্ষা দিয়ে ২০১৩ সালের ৩ এপ্রিল নাবিলা তাবাসসুম মিকিসহ ৪৪ জন নন-ক্যাডার পদে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন।
২০২২ সালের ১৫ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় ক্যাডার ভূক্তির প্রজ্ঞাপনের মতো একই রকম আরেকটি প্রজ্ঞাপন জারী করে নাবিলা তাবাসসুম মিকিসহ ৯০ জন কর্মকর্তাকে বিসিএস (জনস্বাস্থ্য) ক্যাডারভুক্ত করা হয়। সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একান্ত সচিব-১, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং তথ্য সচিব পদে দীর্ঘদিন কর্মরত থেকে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ড. আবদুল মালেক সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের মাত্র ১ মাসের মাথায় ২০২০ সালের ৩০ জানুয়ারী তথ্য কমিশনার (সিনিয়র সচিব) হিসাবে চুক্তি ভিত্তিক নিয়োগ লাভ করেন।







