রংপুর বিভাগীয় প্রতিনিধি: ভ্যাপসা গরম আর চারদিক চৌচির এমন পরিস্থিতিতে রংপুর বিভাগের দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেখারার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। ১৬ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টায় পৌর ঈদগাঁ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেখারার নামাজ আদায় করে মোনাজাত করা হয়। আবু তাহের সিদ্দিকীর ইমামতিতে নামাজ আদায় শেষে আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। হাসান নামে এক মুসল্লি বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টিতে চারদিক থৈ থৈ করে। আষাঢ় মাস শেষ তবুও তেমন বৃষ্টি নেই। তাই আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এ পরিস্থিতির অবসান ঘটান। পৌর মেয়র আসলাম বলেন, আমরা গুনাগার বান্দা তাই আমাদের নিজেদের অপকর্মের জন্যই আল্লাহ তায়ালা হয়তোবা বৃষ্টি দিচ্ছেন না। আল্লাহ তাআলা তো রাহমানুর রহিম আল্লাহ মাফ করতে পছন্দ করেন। আমরা গুনাগার বান্দা আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করেছি। আল্লাহ যেন এ পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশের মানুষের কল্যাণে বৃষ্টি দেন। আমরা আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করেছি। ইমাম আবু তাহের সিদ্দিকী বলেন, বৃষ্টির জন্য আমরা একত্রিত হয়ে দুই রাকাত নামাজ আদায় করেছি। বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করে মুসল্লিগণ বৃষ্টির জন্য দোয়া করেন। এছাড়া দেশের মানুষের জন্য দোয়া করা হয়েছে।







