টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে হতাশ করল টাইগাররা। দিনের শেষ দিকে লড়াই করেছেন মিরাজ-এবাদত।তবে দিন শেষে ফলোঅনেও পড়তে যাচ্ছে স্বাগতিকরা। ভারত যদি ফলোঅন করায়, তাহলে ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হবে টাইগারদের।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৩৩। ১৬ রান নিয়ে মেহেদী হাসান মিরাজ এবং ১৩ রান নিয়ে ব্যাট করছেন এবাদত হোসেন। দু’জনে গড়েছেন ৩১ রানের জুটি। এখনও ভারতের চেয়ে ২৭১ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আর ফলোঅন এড়াতে হলে আরও ৭১ রান করতে হবে টাইগারদের।
তাইজুল ইসলাম ফিরে যাওয়ার সময় দিনের বাকি ৯ ওভার। ফলো অনে পড়ার ও শেষ বেলায় ভীষণ স্নায়ু চাপের কয়েক ওভার খেলার শঙ্কায় তখন বাংলাদেশ। দলকে সেখান থেকে উদ্ধার করে প্রথম ইনিংস তৃতীয় দিনে নিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন।
নতুন বলে বাংলাদেশকে ভোগান পেসার মোহাম্মদ সিরাজ। ১৪ রানে তিনি নেন ৩ উইকেট। পরে মিডল অর্ডারকে নাড়িয়ে দেন কুলদিপ যাদব। বাঁহাতি এই রিস্ট স্পিনার ৪ উইকেট নেন ৩৩ রানে।







