মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সব ধরনের পরিবহন চাঁদাবাজি, ভাড়া নৈরাজ্য, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অবৈধ মজুতদারি ও আইনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান। মঙ্গলবার (২৬ মে) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এই সতর্কবার্তা প্রচার করা হয়। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশনা শুধু ঈদ উপলক্ষেই নয়, বরং জনস্বার্থে সারা বছর কার্যকর থাকবে। সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কোনো প্রকার অনিয়ম, হয়রানি বা বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা সহ্য করা হবে না। মাইকিংয়ে প্রচারিত বার্তায় বলা হয়, ঈদকে কেন্দ্র করে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টিকারী চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট বা অবৈধ মজুতদারির মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, “ঈদকে কেন্দ্র করে একটি অসাধু চক্র অতিরিক্ত ভাড়া, পণ্যমূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থবিরোধী যে কোনো তথ্য পেলেই অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারে এবং ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে।” তিনি আরও জানান, “এই নির্দেশনা কেবল ঈদের জন্য সীমাবদ্ধ নয়; জনস্বার্থে এটি সব সময় বহাল থাকবে। ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিক—সবাইকে আইন মেনে চলতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ পাবে না।” স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ঈদ এলেই কিছু অসাধু ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ আদায় করে। প্রশাসনের কঠোর অবস্থান সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করবে বলে তারা মনে করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় নজরদারি ও অভিযান চলমান থাকবে।







