মোহাম্মদ সোহেল, (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ভূঞাপুর পৌর এলাকা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে যানজট নিরসন ও জনভোগান্তি এড়ানোর লক্ষ্যে মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলা প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ নির্দেশনা জারি করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, কাঁচামাল ও পণ্যবাহী ট্রাক শুধুমাত্র রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত এসব বাজার এলাকায় চলাচল করতে পারবে। এর বাইরে দিনের বেলায় ট্রাক চলাচল বন্ধ রাখতে প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাজার এলাকায় যানজট ও জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট সকলকে সকাল সাড়ে ৭টার মধ্যে মালামাল খালাস সম্পন্ন করে পৌর বাজার এলাকা ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের অতিরিক্ত গাড়ি রেখে পণ্য উঠানো-নামালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সম্প্রতি অটোরিকশা ও ভ্যান ছিনতাই ও চুরির ঘটনা প্রতিরোধ এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সকল অটোরিকশায় জিপিএস লোকেশন ট্র্যাকার ডিভাইস সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের প্রতি নির্দেশনা দিয়েছে প্রশাসন। ডিভাইসটি বসানো বাধ্যতামূলক না হলেও নিরাপত্তার স্বার্থে জোরালোভাবে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান জানান, ঈদুল আযহার সময় সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও জননিরাপত্তায় সবার সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি।







