মোহাম্মদ সোহেল◾ টাঙ্গাইলের
ভূঞাপুর এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কমল হাওলাদার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নীলুফা (১৫) ওই গ্রামের নীলচানের মেয়ে। তিনি প্রতিবন্ধী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী কমল হাওলাদার কিশোরীকে ধর্ষণ করে। কমল একই এলাকার আদিকা হাওলাদারের ছেলে। ধর্ষণের সময় কিশোরীর চিৎকারে তার চাচি ও অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে এলে কমল পালিয়ে যায়। পরে সন্ধ্যায় স্থানীয়রা তাকে আটক করে ভূঞাপুর থানায় খবর দেয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমানের নির্দেশে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম একটি টিম নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষক কমলকে আইনি হেফাজতে নেন। এ বিষয়ে ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, নিয়ম অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং ধর্ষককে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।







