মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে সিরিয়াল ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতি মারধর ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী খন্দকার মাসুম ভূঞাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, গত শুক্রবার (২৪ এপ্রিল)
ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামের খন্দকার জাহাঙ্গীর আলমের ছেলে খন্দকার মাসুম (২৯) তাঁর স্ত্রী বিনদিয়া আক্তার (২৫) ও এক বছর বয়সী ছেলে আরহাম খন্দকার সানাফকে নিয়ে মোটরসাইকেলে করে নানার বাড়ি কুতুবপুর যাচ্ছিলেন। পথে বাহাদীপুর এলাকার ভাই-বন্ধু ফিলিং স্টেশনে পেট্রোল নিতে থামেন। সেখানে ৩০-৪০টি মোটরসাইকেল সিরিয়ালে ছিল। মাসুম স্ত্রী-সন্তানকে পাশে রেখে সিরিয়ালে দাঁড়ান। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ফকিরপাড়া গ্রামের কবির (২৬) ভাড়া করা মোটরসাইকেল নিয়ে সিরিয়াল ভাঙার চেষ্টা করেন। মাসুম বাধা দিলে কবির তাঁকে অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন। নিষেধ করায় কবির এবং পরে তার সহযোগী রফিক (২৮) ও সিয়াম (২২) মিলে মাসুমকে চড়-থাপ্পড়, ঘুষি ও লাথি মেরে জখম করেন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্ত কবির মাসুমের স্ত্রী বিনদিয়া আক্তারকেও চড়-থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেন। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় মাসুম ও তাঁর স্ত্রীকে ভবিষ্যতে সুযোগ পেলে খুন করার হুমকি দিয়ে যান। ভুক্তভোগী মাসুম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে ভূঞাপুর থানায় জিডি করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, “অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






