মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই তেল সরবরাহ এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গোবিন্দাসী-কালা সড়ক সংলগ্ন যমুনা নদীর তীরবর্তী এলাকায় একটি তেলবাহী গাড়ি থেকে প্রায় ৪ হাজার লিটার তেল ড্রামে ভরে নৌকার মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। ওই তেল সরবরাহ করছিলেন গাবসারা ইউনিয়নের তেল ডিলার মোহাম্মদ নাশির। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তেলসহ গাড়িটি আটক করে। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুব হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাশিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত তেল শুধুমাত্র চরাঞ্চলের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা অমান্য করলে তেল ডিলার নাশিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
ইউএনও মোহাম্মদ মাহবুব হাসানের এমন নির্দেশনায় স্বস্তি ফেলেছেন চরাঞ্চলের কৃষকেরা। ন্যায্যমূল্যে তেল পাবেন জেনে তারা আনন্দ প্রকাশ করেছেন।
স্থানীয় কৃষক মোঃ আব্দুল করিম বলেন, “আমরা চরাঞ্চলের মানুষ অনেক কষ্টে চাষাবাদ করি। আগে ডিলাররা বাড়তি দামে তেল বিক্রি করতেন, আমাদের ন্যায্য মূল্য পাওয়া হতো না। প্রশাসনের আজকের এই সিদ্ধান্তে আমরা খুবই খুশি। সরকার নির্ধারিত মূল্যে তেল পেলে আমাদের উৎপাদন খরচ কমে যাবে।”
আরেক কৃষক জাহিদুল ইসলাম বলেন, “ইউএনও স্যার যেভাবে আমাদের কথা ভেবেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আশা করি, এই তেল সঠিকভাবে আমাদের কাছে ন্যায্যমূল্যে পৌঁছাবে। কেউ যেন এই তেল কালোবাজারে বিক্রি করতে না পারে, সেদিকেও প্রশাসন নজর রাখবে।” ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান এলাকায় অনিয়ম ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।







