দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে কয়েক ঘণ্টা আগে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় এ ভোটগ্রহণ। এ নির্বাচনে বগুড়া-৪ আসনের প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে আলম নিজেই জানিয়েছেন ভোট বর্জনের খবর। এই প্রতিবেদন লেখার ৫১ মিনিট আগে তার ফেসবুক থেকে জানানো হয়, বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন।
এর আগে দিনের শুরুতে ভোটকেন্দ্র পরিদর্শন করে এ কনটেন্ট ক্রিয়েটর আশাবাদ ব্যক্ত করে মন্তব্য করেছিলেন, তার জয় কেউ ঠেকাতে পারবে না।
তিনি বলেছিলেন, আমি আমার এলাকায় এতোদিন ঘুরে, প্রচারণা চালিয়ে বুঝেছি আমার জয় কেউ ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেছিলেন, তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত এখন শুধু অপেক্ষার পালা। তবে আশা রাখছি আমার পক্ষেই সবাই ভোট দেবেন। এবারের ভোট সুষ্ঠু সুন্দর হবে তেমনটাই আশা রাখছি। সব কেন্দ্রে আমার এজেন্ট আছে।
হিরো আলম এবার বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনসহ আরও ৩ জন স্বতন্ত্র প্রার্থী ভোটের লড়াইয়ে ছিলেন।








