১৯৭১ সালের পঁচিশে মার্চ কালরাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। নির্বিচারে হত্যা করে অন্তত সাত হাজার মানুষ। আজ ভয়াল সেই ‘কালরাত’ স্মরণ করল দেশ।
শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় সব আলো নিভিয়ে ঘুমন্ত নিরীহ মানুষকে নির্বিচারে গণহত্যার ঘটনাকে স্মরণ করা হয়।
এসব কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এক মিনিট আলো বন্ধ রেখে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়েছে। তবে কেপিআই ও জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত ছিল।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে দেশব্যাপী এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি নেয় সরকার।
১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে স্বাধীনতার দিকনির্দেশনা পাওয়ার পর মুক্তিকামী জনতার মধ্যে বিদ্রোহ দানা বাঁধতে থাকে। বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, রমনা কালীমন্দিরসহ বিভিন্ন এলাকায় শুরু হয় গণহত্যা।








