শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ছিল শোভাযাত্রার আয়োজন। অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের ছিলেন উদ্বোধক।
কাদেরের বক্তব্যের একপর্যায়ে মঞ্চ ভেঙে পড়ে। পরে নিজেকে সামলে নিয়ে কাদের বলেন, ‘এত নেতা কেন? এত নেতা আমাদের দরকার নেই। দরকার কর্মী। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার।’
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঞ্চ ভেঙে পড়ে যান বক্তব্যরত ওবায়দুল কাদেরও। তবে তিনি তেমন গুরুতর আঘাত পাননি। মঞ্চে ধারণক্ষমতার বেশি লোক ওঠায় মঞ্চ ভেঙে পড়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের।
অবশ্য কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিকেল ৪টা ১৭ মিনিটে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এ সময় কাদের বলেন, ‘এত নেতা আমাদের দরকার নেই। দরকার কর্মী। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। যেকোনো অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। ছাত্রলীগ হোক কর্মী উৎপাদনের কারখানা। ঠিক আছে? এ কথা বলে আমি ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি।’







