রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির সামনের ছয় তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার।
এর আগে সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, রাত ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণকক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরবর্তীতে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মোট ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরেই রাজধানীতে আগুনের ঘটনা ঘটছে। গত ৪ এপ্রিল আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর সবচেয়ে বড় কাপড়ের পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে খ্যাত পুরো বঙ্গবাজার। গত বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুন লেগে পুড়ে যায় ২০টি গুদাম। আর শনিবার ভোরে আগুন লাগে ঢাকা নিউমার্কেটের পাশে নিউ সুপারমার্কেটে। এতে পুড়ে যায় আড়াই শতাধিক দোকান।







