রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে কচুয়া আহমাদিয়া দাখিল মাদ্রাসা শিক্ষকগণ নির্দিষ্ট সময়ের আগে মাদ্রাসা বন্ধ করে চলে গেলেন। গত রবিবার সোয়া ১টার দিকে দেখা যায়, গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া আহমাদিয়া দাখিল মাদ্রাসায় কোনো শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত নেই। মাদ্রাসার পাঠদান ও অফিস কক্ষ তালাবন্ধ করে চলে গেছেন শিক্ষকরা। শ্রেণি কক্ষে ঝুলছে তালা। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা থাকলেও ছিল না কেউ। নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি দিয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও শিক্ষার পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও এলাকাবাসী। এলাকার নুরুজ্জামান নামে এক ব্যক্তি বলেন, মাঝে মধ্যেই এভাবে মাদ্রাসা বন্ধ করে চলে যান শিক্ষকগণ। মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম বলেন, ব্যক্তিগত কাজে রংপুরে আছে, শুনেছি সবাই তিস্তা নদীর পানি দেখতে গেছে। মাদ্রাসার সভাপতি হায়দার আলী বলেন, সুপারকে রংপুরে ডেকেছি সোমবার আমাদের কমিটির বিষয়ে মামলার হাজিরা ছিল। সে জন্য আমরা রংপুওে অবস্থান করছি। মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।







