গাজার উপকূলে মানবিক সাহায্যবাহী নৌবহর আটকানোর ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, এটি ছিল আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং শান্তিপূর্ণ সংহতি প্রচেষ্টা দমন করার একটি অপচেষ্টা।
অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজে ইসরায়েলের জোরপূর্বক হস্তক্ষেপ এবং কর্মীদের আটক করা এক নির্লজ্জ আক্রমণ। এটি ছিল একটি শান্তিপূর্ণ মানবিক মিশন, যা অবরুদ্ধ গাজায় সংহতি ও সহায়তা পাঠানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল।’
তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরে নৌবহরের বিরুদ্ধে হুমকি, উসকানি ও নাশকতার চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত হামলা চালিয়ে জাহাজ জব্দ করে।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, “যেসব জনগোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সক্রিয়ভাবে বন্ধ করে দিয়ে এবং দুর্ভিক্ষ সৃষ্টি করে ইসরায়েল আবারও আন্তর্জাতিক বিচার আদালতের আইনগত বাধ্যবাধকতার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।”
গাজার মানবিক সংকট প্রসঙ্গে সংস্থাটি জানায়, একজন দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক দায়িত্ব ছিল পর্যাপ্ত খাদ্য, ওষুধ ও সহায়তা প্রবাহ নিশ্চিত করা। কিন্তু দায়িত্ব পালনের বদলে, ইসরায়েল বারবার তা রোধ করছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো এক আন্তর্জাতিক সংহতি প্রচেষ্টা। এতে যুক্ত ছিলেন বেসামরিক ও মানবিক কর্মীরা, যারা গাজার অবরুদ্ধ জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিতে চেয়েছিলেন। কিন্তু ইসরায়েল সেটিকে সামরিকভাবে প্রতিহত করে এবং কয়েকজন কর্মীকে আটক করে। সূত্র: আল জাজিরা






