সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজাস্থলে তিনি দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মায়ের জন্য দোয়া কামনা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমি মরহুমা খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটা পরিশোধের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।’
তারেক রহমান আরও বলেন, তিনি (খালেদা জিয়া) জীবিত থাকা অবস্থায় ওনার কোনো ব্যবহারে, কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহতালা যেন তাকে বেহশত দান করেন।
এরপর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার জানাজা। বিকাল পৌনে ৩টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
উল্লেখ্য, টানা ৪০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এছাড়াও আজ বুধবার দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।






