মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের খোরশেদ আলম মিয়াজী বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের কামরুল হাসান শরীফ (৩৫), দক্ষিণ আজমনগর গ্রামের মজিবুল হক প্রকাশ মাসুদ রানা, পূর্ব হিঙ্গুলী গ্রামের হাসান, মেহেদীনগর গ্রামের জাহিদুল ইসলাম (৩১) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন তাতাইলচর গ্রামের লিটন (৩৫)। তাদের বিরুদ্ধে দোকান ভাংচুর, চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগ রয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিফাতুল মাজদার। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত। এর আগে গেল ১ অক্টোবর একই মামলায় গ্রেফতার করা হয় মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিফাতুল মাজদার বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন পশ্চিম হিঙ্গুলী গ্রামে অভিযান চালিয়ে গেল ৫ আগস্ট বারইয়ারহাট বাজারে একটি ফল দোকানে ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজি মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।








