মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গ্যারেজে থাকা দুই হাজার লিটার ধারণক্ষমতার কমপ্রেসড এয়ার রিসিভার ট্যাংক (হাওয়ার ট্যাংক) বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এতে ইউনুস (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গ্যারেজের মালিক ইমন হোসেনও আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজসহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউনুস উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় ট্যাংকটি বিকট শব্দে প্রায় ৫০ ফুট ওপরে উঠে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে ট্যাংকটি দ্বিখÐিত হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজ ও পাশের একটি দোকানের বিভিন্ন অংশ ভেঙে পড়ে এবং মালামাল তছনছ হয়ে যায়। বিস্ফোরণের শব্দ ও কম্পন বড়তাকিয়া বাজারসহ আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকায় অনুভ‚ত হয়। এসময় ইউনুস (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গ্যারেজের মালিক ইমন হোসেনও আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে আমি দোকান খুলি। এর আগেই ইমন তার গ্যারেজ খুলে হাওয়ার মেশিন চালু করেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আশপাশের সবকিছু কেঁপে ওঠে। বিস্ফোরণের পর আমার দোকানের বিভিন্ন জিনিসপত্র তছনছ হয়ে যায়। এ সময় ইউনুস গুরুতর আহত হন।’
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান বলেন, ‘ইউনুসের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বিশেষ করে চোখ ও মুখে বেশি আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘বড়তাকিয়া বাজারে কমপ্রেসড এয়ার রিসিভার ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’








