মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. আলমগীর (৩৩) নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসীম ও সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত মো. আলমগীর উপজেলার করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হন। ওই সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. আলমগীর এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা। এ ঘটনায় মঙ্গলবার রাতে দস্যুতার অভিযোগে দায়ের করা একটি মামলায় মাসুদ কালাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরই ধারাবাহিকতায় এবার যুবদল নেতা আলমগীরকেও বহিষ্কার করল দলীয় ফোরাম।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় আলমগীরের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের কোনো দায়িত্বে থেকে কেউ যদি অপকর্মে লিপ্ত হন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।







