চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাই বিভিন্ন মডেলের ১১টি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখীল এলাকার মৃত নুরুর সোবহানের ছেলে মো. জসিম উদ্দিন (৪৫), সিলেটের গোলাপগঞ্জ থানার বাদেবাসা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. জাকির হোসেন (২৮) এবং কিশোরগঞ্জের মিঠামইন থানার চারগ্রাম এলাকার সোলেমান মিয়ার ছেলে মো. সুজাত মিয়া।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকামুখী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ১১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে এসব মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বিভিন্ন মডেলের ১১টি চোরাই মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









