চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাক চাপায় হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪০) নামের এক খতিব নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের রহমতাবাদ এলাকার বাসিন্দা এবং মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় ছেলে। তিন ছেলে সন্তানের জনক ফারুকী পূর্ব হিঙ্গুলী আবুল কালাম জামে মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী আবুল কালাম জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত আমিরুল ইসলামের ছোট ভাই রাশেদুল ইসলাম ফারুকী বলেন, ‘আমার বড় ভাই বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন। শুক্রবার জুমার নামাজ পড়ানোর পর তিনি মোটরসাইকেলযোগে উপজেলা সদরে যাচ্ছিলেন। উপজেলা সদূরের নিকটেই বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক আমার ভাইয়ার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়ে মাথায় মারাত্নকভাবে আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক মো. শরিফুজ্জামান বলেন, ’দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমিরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। মোটরসাইকেলে ধাক্কা দেওয়া ডাম্প ট্রাকটি আমরা আটকের চেষ্টা করছি।’







