মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার গরুসহ মো. ফরহাদ (২৬) নামের এক চোরকে আটক করেছে ছাত্রদল কর্মীরা। রবিবার (২ মার্চ) বিকালে উপজেলার আবুতোরাব বাজার এলাকায় কৃষকের গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক মনে হলে তাকে আটক করে স্থানীয় ছাত্রদলের কয়েকজন। সে নোয়াখালী জেলার লক্ষীপুর উপজেলার ভবানীগঞ্জ বাজার ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের মো. মিজানের পুত্র।
জানা গেছে, মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামের কৃষক মো. আব্দুর রহমানের গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো ফরহাদ। পথিমধ্যে সন্দেহ হলে মায়ানী ইউনিয়ন ছাত্রদল নেতা মো. আরাফাতসহ কয়েকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে সঠিক তথ্য দিতে না পারলে স্থানীয়রা এসে তাকে আটক করে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনকে অবহিত করে। তিনি গরুর প্রকৃত মালিককে খুঁজে বের করে তার হাতে গরু তুলে দেন এবং অপরাধীকে মিরসরাই থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কৃষক আব্দুর রহমান বলেন, ‘আমার গরুটি ঘাস খাওয়ার জন্য রাস্তার পাশে বেঁধে এসেছি। কিন্তু তার পরবর্তীতে খবর পাই চোর আমার গরু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। স্থানীয়রা আমার গরুটি রক্ষা করেছে। গরুটির বর্তমান বাজার মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা।’
মিরসরাই থানার উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, ‘মায়ানীতে গরু চোর আটক হয়েছে খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে যাই। ফরহাদ নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’








