মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাজুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তার মৃত্যু হয়। তিনি ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শ্রীপুর মধ্যম গড়িয়াইশ গ্রামের মরহুম জহুরুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, তাজুল ইসলাম উপজেলার মহামায়া রাবার ড্যাম এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দ্বিতল ভবন থেকে পড়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার ঘাড়ে মারাত্মক আঘাত থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তার পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য শামছুল আলম জানান, ‘নিহত নির্মাণ শ্রমিক সম্পর্কে আমার চাচাতো ভাই। আর্থিক দরিদ্রতার কারণে এই কাজ করে পরিবার চালাতেন। ভবন মালিক নির্মাণ কাজে যথার্থ নিরাপত্তা ব্যবস্থা না রাখায় কাজ করার সময় দ্বিতল ভবন থেকে পড়ে গিয়ে ঘাড় মটকে যায় তাজুল ইসলামের। ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরিবারটির উপার্জনক্ষম কেউ আর রইলো না।’
ভবনের মালিক মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম জানান, ‘দোতলার কাজ করার সময় তৈরিকৃত মাচা থেকে পড়ে গিয়ে আহত হন তাজুল ইসলাম। এরপর সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ তার জানাজায় অংশগ্রহণ করে স্থানীয়দের কাছে তার অনেক প্রশংসা শুনেছি। সে অত্যন্ত সৎ ছিল। তার পরিবারের জন্য যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করেছি।’
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার জানান, ‘ভবন নির্মাণের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে তাজুলের মৃত্যু হয়। আমি ব্যক্তিগতভাবে ওই পরিবারকে সহায়তা করবো।’
সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়
সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...








