মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় সালা উদ্দিন (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় বাসে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে। নিহত সালা উদ্দিন ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২ নং দাঁতমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম হাসনাবাদ এলাকার আবিদ উল্লাহর পুত্র। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাঁধন পরিবহনের বাস ও কাভার্ড ভ্যান উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিলো। এসময় বড়তাকিয়া এলাকায় বাসের পেছনে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই বাসের যাত্রী ছিল। সেই ফেনী জেলার সোনাগাজী থেকে বাসে উঠে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় সালা উদ্দিন নামে একজন নিহত হয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







