মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন হাইতকান্দি ইউনিয়নের কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শেখ ফরিদ। মঙ্গলবার (১৯ মে) মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্য সচিব এ.কে.এম ফজলুল হক উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ ফরিদের হাতে সনদপত্র তুলে দেন।
গত ১৪ মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক (পুরুষ), প্রধান শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা) এবং কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে ৫ জন শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেন। নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতা পরিচালনার জন্য মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে পৃথক দুটি বোর্ড গঠন করা হয়।
অনুভূতি ব্যক্ত করে মো. শেখ ফরিদ বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।







